
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বর রাতে ঢাকা ছাড়বেন তিনি। জুলাই আন্দোলনের পর এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর বলে জানিয়েছেন সফর বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশাম হক।
১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সফরে নাহিদ ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় রাজনৈতিক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ, মানবাধিকার এবং তরুণদের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এ ছাড়া প্রবাসী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
সফর উপলক্ষে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হবে। এহতেশাম হক যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে সফরের প্রস্তুতি ও সমন্বয়ের জন্য গত ১ নভেম্বর এনসিপির ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে ২৮৯ সদস্যের সফর বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এহতেশাম হককে করা হয় কমিটির আহ্বায়ক।