
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ৩৪ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
আহত নারী জানান, চুয়াডাঙ্গা শহর থেকে ডিঙ্গেদহ বাজারে যাওয়ার জন্য তিনি গাড়ি খুঁজছিলেন। এ সময় সৌরভ তাকে মোটরসাইকেলে লিফট দেওয়ার প্রস্তাব দেন। পথে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে সড়কের একটি স্পিড ব্রেকারে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই সৌরভের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।