
ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মালদ্বীপ। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গাজায় যুদ্ধ চলাকালে সাময়িকভাবে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছিল মালদ্বীপ। নতুন আইনে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে নিষেধাজ্ঞার মেয়াদ আর যুক্ত থাকবে না।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত আইনে পরিস্থিতি পরিবর্তিত হলেও ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে নিঃশর্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করেও ইসরায়েলিরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন না বলে ধারণা করা হচ্ছে।
১ হাজার ১৯২টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত মুসলিমপ্রধান মালদ্বীপ সাদা বালুর সৈকত ও স্বচ্ছ নীল জলরাশির জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে জনপ্রিয়। ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় যুদ্ধের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব বৃদ্ধির কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণে সতর্ক করেছিল ইসরায়েল।