November 12, 2026, 1:39 pm
শিরোনাম :

চাঁচড়া ভূমি অফিসে বহিরাগতকে দিয়ে দাপ্তরিক কাজ, নায়েবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

যশোর সদর উপজেলার চাঁচড়া ভূমি অফিসের নায়েব মোঃ মাহফুজ্জামান মুকতির বিরুদ্ধে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্বে নিয়োজিত নন, এমন এক বহিরাগত ব্যক্তিকে নিজের পাশে কম্পিউটারে বসিয়ে নিয়মিত দাপ্তরিক কাজ করানো হচ্ছে। এমনকি ওই ব্যক্তিকে নায়েবের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সরকারি কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, নায়েবের নির্ধারিত কম্পিউটার ডেস্কে ওই বহিরাগত ব্যক্তিকে বসিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে। সাংবাদিকদের কাছে থাকা ভিডিওচিত্রেও নায়েবের পাশে একজন বহিরাগতকে কম্পিউটারে কাজ করতে দেখা গেছে বলে জানা গেছে। তবে ওই ব্যক্তি কী ধরনের কাজ করছিলেন, তাঁকে অনুমতি দেওয়া হয়েছিল কি না এবং তিনি নায়েবের ইউজার আইডি-পাসওয়ার্ড ব্যবহার করেছেন কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে নায়েব মোঃ মাহফুজ্জামান মুকতি বিষয়টি সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিযোগ সত্য হলে সরকারি সিস্টেমের নিরাপত্তা, প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। কে কখন কোন তথ্য প্রবেশ করালেন বা পরিবর্তন করলেন, তা নিয়ে ভবিষ্যতে জটিলতার আশঙ্কাও থাকে। বিশেষ করে ভূমি সংক্রান্ত নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এখন দেখার বিষয়, তদন্তের পর প্রশাসন কী পদক্ষেপ নেয়।



ফেসবুক কর্নার