
রাঙ্গামাটি গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও তাঁর কথিত স্ত্রী টাঙ্গাইলের লিজা রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, এই দম্পতির নামে ঢাকা ও টাঙ্গাইলে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে ধানমন্ডি ৭/এ রোডের ‘আহসান অ্যাপার্টমেন্ট’-এ প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট, বাসাইল, টাঙ্গাইল শহরের সাবালিয়া, দেওলা ও কোদালিয়া এলাকায় জমি এবং টাঙ্গাইল শহরে ‘পরশমণি সৈয়দ প্লাজা’-য় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের একটি দোকান রয়েছে বলে দুদকের প্রাথমিক তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের একটি টয়োটা করোলা ক্রস গাড়ি, টাঙ্গাইল প্রধান ডাকঘরে ৫০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র এবং ন্যাশনাল ব্যাংক ও এনসিসি ব্যাংকের টাঙ্গাইল শাখায় লিজা রহমান ও তাঁর ছেলে রবিউল হাসানের নামে এফডিআর, ডিপিএস ও নগদ অর্থ। এ ছাড়া লিজা রহমানের কাছে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার থাকার তথ্যও পাওয়া গেছে। বিদেশে বাড়ি ও ফ্ল্যাট কেনার গুঞ্জন এলাকায় শোনা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললে মামলা দিয়ে হয়রানি বা হুমকি দেওয়া হয়। তাঁদের দাবি, এমনকি সহোদর বোন বন্যা রেজার বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে। তবে ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
অভিযোগের বিষয়ে লিজা রহমান শত কোটি টাকার সম্পদের তথ্যকে মিথ্যা ও কাল্পনিক দাবি করে বলেন, তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা এবং তার হিসাব আয়কর নথিতে রয়েছে। তাঁর দাবি, অধিকাংশ সম্পদ ব্যাংকঋণে অর্জিত। তবে ঋণের সুনির্দিষ্ট তথ্য বা নথি তিনি দেখাতে পারেননি। মামলার বিষয়টিকে তিনি পারিবারিক বিরোধ বলে উল্লেখ করেন। দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সূত্র জানায়, এই দম্পতির নামে-বেনামে থাকা সব ব্যাংক হিসাব, এফডিআর ও সম্পদের উৎস যাচাই করা হচ্ছে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।