
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার বাংলাদেশে অবস্থান করছেন বলে দাবি করেছেন। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনও বাংলাদেশেই আছি। দেখি পুলিশ খুঁজে বের করুক।’ তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে সিলেটে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
একটি গণমাধ্যমের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে রনজিত সরকার দাবি করেন, গত ৮ নভেম্বর ভারতের মেঘালয় সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেন তিনি। শিক্ষা সফরের ব্যানার লাগানো পর্যটকবাহী বাসে করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রিসোর্টে যান বলে জানা গেছে। পরে সেখানে রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় এবং রনজিত সরকার বক্তব্য দেন। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। সভায় উপস্থিত থাকার অভিযোগে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
রনজিত সরকার আরও বলেন, নিষিদ্ধ থাকায় সুযোগ পেলেই তাঁরা কর্মসূচি পালন করবেন এবং বঙ্গবন্ধুকন্যাকে দেশে ফিরিয়ে আনতে জীবন বাজি রাখবেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং কিছুদিন যুক্তরাজ্য ও পরে ভারতে অবস্থান করেছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে। এদিকে, সভার পর সিলেট নগরীর টিলাগড় এলাকায় তাঁর বাসভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, শিক্ষা সফরের ব্যানার ব্যবহার করে সভা করার তথ্য পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটন, সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। রনজিত সরকার বর্তমানে দেশে রয়েছেন কি না, তা তদন্তে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।