November 12, 2026, 1:41 pm
শিরোনাম :

বাড়িতে আগুনের ঘটনায় নুসরাতের অভিযোগ, ‘দমিয়ে রাখা যাবে না’

অভয়নগর প্রতিবেদক

 

কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনাটি পেট্রল বোমা হামলার মতো মনে হচ্ছে। ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। নুসরাত বলেন, ‘দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

নুসরাত জানান, গত ২৮ অক্টোবর থেকে বিভিন্ন নম্বর থেকে তিনি হুমকিমূলক ফোন পেয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে হুমকিমূলক পোস্ট দেওয়া হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির একটি শিশু আহত, কয়েকটি গবাদিপশু ও মুরগি মারা যায়। বাড়িটি পরিত্যক্ত নয় জানিয়ে তিনি বলেন, সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছে।

পুলিশকে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছানোর অভিযোগ করে নুসরাত দ্রুত আলামত সংগ্রহ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। দৌলতপুরে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে এ ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে বক্তব্য প্রত্যাশা করেন সংসদ সদস্য। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর দাদার বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।



ফেসবুক কর্নার