
ইসলামী ছাত্রশিবিরকে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া থেকে বেরিয়ে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে বিএনপি সরকারকে সকাল-বিকাল দোষারোপের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিব বলেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির ও সাদিক কায়েমদের এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, গত ১০ নভেম্বর ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে ছাত্রদলের ১৫ থেকে ২০টি মিছিল হয়েছে। তবে সেদিন শিবিরকে মাত্র একটি মিছিলের মুখোমুখি হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে রাকিব শিবিরের সাংগঠনিক পর্যালোচনার আহ্বান জানান। তাঁর মতে, সরকারি দল জনগণের কাছে জবাবদিহি করবে এবং বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে প্রতিনিয়ত দোষারোপের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।