November 12, 2026, 1:41 pm
শিরোনাম :

জিমিন পরিচয়ে প্রেমের ফাঁদ, ব্রাজিলের নারীর ৫২ হাজার ডলার খোয়া

অভয়নগর প্রতিবেদক

 

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য জিমিন পরিচয়ে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে এক ব্রাজিলীয় নারীর কাছ থেকে ৫২ হাজার ডলারের বেশি হাতিয়ে নিয়েছে এক প্রতারক। ৬৮ বছর বয়সী ওই অবসরপ্রাপ্ত নারীকে প্রায় চার মাস ধরে প্রেমের বার্তা পাঠিয়ে বিশ্বাস অর্জন করে প্রতারক। পরে দামি উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে কয়েক দফায় অর্থ নেয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের সাও পাওলোর ওই নারীকে ভুয়া জিমিন জানায়, তাঁর জন্য পাঠানো দামি উপহারগুলো দেশটির শুল্ক বিভাগে আটকে আছে। সেগুলো ছাড়িয়ে আনতে শুল্ক ও অন্যান্য খরচ দিতে হবে। প্রিয় তারকার কাছ থেকে উপহার পাওয়ার আশায় ওই নারী প্রায় তিন লাখ ব্রাজিলীয় রিয়াল পরিশোধ করেন। এমনকি অর্থ জোগাড় করতে ব্যাংক থেকে ঋণও নেন তিনি। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এ অর্থের পরিমাণ ৫২ হাজার মার্কিন ডলারের বেশি।

একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুয়া অ্যাকাউন্টটি ব্লক করে পুলিশের কাছে অভিযোগ জানান ওই নারী। ঘটনাটি তদন্ত করছে সাও পাওলোর সিভিল পুলিশ। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বিটিএস সদস্য জিমিন কিংবা তাঁর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর পরিচয় ও ছবি ব্যবহার করে তৃতীয় পক্ষ এ প্রতারণা করেছে।



ফেসবুক কর্নার