
ফরিদপুরের ভাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাঙ্গা পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ জনপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি আরও বলেন, পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, তাঁদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তাঁর এ সফর। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দক্ষতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, কোতোয়ালি থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।