
জামালপুরের ইসলামপুর উপজেলায় অসময়ে যমুনা নদীর বাম তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলা এ ভাঙনে ইতোমধ্যে শত শত বিঘা আবাদি জমি, বসতভিটা ও গুরুত্বপূর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়েছে। হাট-বাজার, বাড়িঘর, কৃষিজমি ও শিক্ষাপ্রতিষ্ঠান চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সূত্র জানায়, সাপধারি ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম একসময় ইসলামপুর শহরের সঙ্গে যুক্ত ছিল। আশির দশক থেকে শুরু হওয়া ভাঙন গত দুই দশকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে অগ্রসর হয়ে গুঠাইল, উলিয়া, হারগিলা তারতাপাড়া ও কসতমা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
ফুটানি বাজার থেকে কুলকান্দি ও গুঠাইল হয়ে উলিয়া বাজার পর্যন্ত যমুনাতীর রক্ষা বাঁধ নির্মাণের ফলে পানির গতিপথ বদলে নতুন চরাঞ্চলে ভাঙন শুরু হয়েছে বলে জানা যায়। এ ছাড়া বেলগাছা ইউনিয়নের শীলদহ ও সিন্দুরতলী এবং চিনাদুলী ইউনিয়নের চরঅনদনেরপাড়া, বিশরশি, সুখচর, চর শিপ্রা, প্রজাপতি, পাল্লা, কুকুর মারী, কুতুবুল্লারচর ও নয়াপাড়ার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গেছে। বারবার সর্বস্বান্ত মানুষ নতুন চরে বসতি গড়লেও ভাঙনের কবলে পড়ে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান চৌধুরী ভাঙন রোধে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। চিনাদুলী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, “দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ইউনিয়নটিই একসময় মানচিত্র থেকে হারিয়ে যাবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের জানান, সাপধারি ইউনিয়নের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিগগিরই সমীক্ষার কাজ শুরু হবে বলে তাঁরা আশ্বস্ত করেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নবিরুজ্জামান জানান, স্থায়ী ও টেকসই প্রকল্প গ্রহণে সমীক্ষার কাজ চলমান রয়েছে। স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, নদীশাসনের কাজ চলছে এবং নতুন কিছু প্রকল্প নেওয়া হয়েছে; আশা করা যায় দ্রুত ভাঙন রোধে দৃশ্যমান কাজ শুরু হবে।