
শাড়ির প্রতি ভালোবাসা থেকে জামদানি পরার ইচ্ছা হলেই নতুন শাড়ি কেনেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বরং মায়ের আলমারিতে থাকা শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নেন তিনি। এতে একদিকে যেমন নতুন শাড়ি কেনার খরচ বাঁচে, অন্যদিকে মায়ের শাড়ি পরার মধ্য দিয়ে খুঁজে পান আলাদা ভালো লাগা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রভা নিয়মিত নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি মায়ের শাড়ি পরার অভ্যাস নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। প্রভা বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’
খরচ বাঁচানোর বিষয়টিও এ অভ্যাসের পেছনে রয়েছে বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’ মায়ের শাড়ির প্রতি ভালোবাসা আর সাশ্রয়ের এই অভ্যাসের কথা জানিয়ে অনুসারীদের সঙ্গে নিজের ব্যক্তিগত আনন্দ ভাগ করে নিয়েছেন প্রভা।