
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকার কাইকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুল কবির জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল এবং প্রাইভেটকারটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে আসছিল। পথে মনসুরাবাদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে দুই চালক ও চার যাত্রীকে উদ্ধার করেন। পরে আহতদের ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়, ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।