
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও মাদকসংশ্লিষ্টতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ওসি মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি একজন, বৈষম্যবিরোধী মামলার আসামি দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি তিনজন, মাদকসেবী চারজন, ডাকাতি মামলার আসামি একজন এবং পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।
ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।