
আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদ্ঘাটন ও সার্বিক পুলিশি সেবায় বিশেষ অবদান রাখায় নেত্রকোণা জেলার অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা। রোববার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। এ সময় নেত্রকোণার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি সোহেল রানা শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কলমাকান্দা থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। পরে থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সম্মাননা পেয়ে তিনি বলেন, “এই অর্জন একা আমার নয়; এটি কলমাকান্দা থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল।”
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও জনগণের জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাঁর এ সাফল্যে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।