
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলেন। এগুলো হলো—বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা; বর্ষাকালে নিজের বা পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি গাছ লাগানো; পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করা। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে। তবে তার আগে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেয় লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী, দ্য আগা খান একাডেমির ২৭ শিক্ষার্থী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী। তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও ছিলেন। পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে ব্রিফিংয়ে অংশ নেয়, সংসদ লাইব্রেরি ঘুরে দেখে এবং সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করে। পরে উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেয় তারা। এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।