সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ১৫ নভেম্বর ২০২৬ সকাল ৯টায় বিশ্বম্ভরপুর থানাধীন উল্লাসনগর এলাকায় পলাতক আসামি বিল্লালের বসতঘরের পূর্ব পাশের উঠানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তাহিরপুর থানার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে হযরত আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৬৮ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা। এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খাঁন, কনস্টেবল মোশারফ ও দীপক মুন্ডা অংশ নেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।