November 17, 2026, 12:25 am

৯৪ গোলের রেকর্ড নিয়ে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেন লুকাকু

অভয়নগর প্রতিবেদক

 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩৫ ম্যাচে করেছেন ৯৪ গোল। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন তিনি। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার অবস্থান পঞ্চম।

অবসরের বার্তায় লুকাকু জাতীয় দলের হয়ে কাটানো ১৬ বছরের অভিজ্ঞতাকে অসাধারণ বলে উল্লেখ করেন। সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জাতীয় দলের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই স্ট্রাইকার।

বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক অধ্যায় শেষ করলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন লুকাকু। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের হয়ে খেলছেন তিনি। এর আগে অ্যান্ডারলেখট, চেলসি, এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। উয়েফা নেশনস লিগে ইতালির বিপক্ষে বেলজিয়ামের ৪-১ গোলের জয়ের ম্যাচে রোববার বেঞ্চে ছিলেন তিনি।



ফেসবুক কর্নার