
স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠতে না পারায় সাফ টুর্নামেন্টের ফাইনালের টিকিটের দামে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে যে গ্যালারি টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, ফাইনালের জন্য তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘টিকিফাই’-এর ওয়েবসাইটে সোমবার (১৬ নভেম্বর) এ মূল্য দেখা গেছে।
এর আগে টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করায় সমর্থকদের মধ্যে প্রতিবাদ দেখা দিয়েছিল। তখন সাফ কর্তৃপক্ষ ও টুর্নামেন্টের স্বত্ব পাওয়া মার্কেটিং পার্টনার ‘টিএসএ’র কর্মকর্তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেছিলেন। অথচ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টিকিটের দাম কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। তবে হঠাৎ দাম কমানোর কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল।
জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক। ওই ম্যাচে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। ফলে ফাইনালে গ্যালারি ফাঁকা থাকার আশঙ্কা তৈরি হয়েছে। টিকিটের দাম কমানোর পর কত দর্শক মাঠে উপস্থিত হন, তা নিয়ে এখন অপেক্ষা।