November 17, 2026, 12:36 am

নওয়াপাড়ায় কার্গো জাহাজের ধাক্কায় বাল্কহেডডুবি, উদ্ধার ৩

অভয়নগর প্রতিদেক

 

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দরের ভৈরব নদে কার্গো জাহাজের ধাক্কায় বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটসংলগ্ন বিশ্বাসবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাল্কহেডে থাকা তিনজন স্টাফকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর ওই নৌপথে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যে খুলনাগামী লাইটার জাহাজ ‘এমভি মারুফ-১’-এর ধাক্কায় ‘লামিয়া শরীফ’ নামের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। ধাক্কার পর কার্গো জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাল্কহেডের স্টাফ গোলাম রাব্বি জানান, বিপরীত দিক থেকে আসা জাহাজটি তাঁদের বাল্কহেডের বাঁ পাশে আঘাত করলে কয়েক মিনিটের মধ্যেই সেটি নদীতে তলিয়ে যায়। নড়াইলের কালিয়া উপজেলা থেকে ১১ হাজার বর্গফুট বালু নিয়ে বাল্কহেডটি চেঙ্গুটিয়ার একটি ডিপোতে যাচ্ছিল। তিন স্টাফই সুস্থ আছেন।

নওয়াপাড়া নদীবন্দরের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই পথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারের পাশাপাশি নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার