November 17, 2026, 12:39 am

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, আটক ২

শেখ মমতাজ হোসেন, ক্রাইম রিপোর্টার।

 

 

সাতক্ষীরার তালা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে সোহেল আহমেদ এবং তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মইনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন। তাঁদের মধ্যে সোহেল আহমেদ চাকরিচ্যুত পুলিশ সদস্য। অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়া বাজারে নিজের সাইকেলের যন্ত্রাংশের দোকানে কাজ করার সময় তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান দুই ব্যক্তি। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় কাশেম সরদারের স্ত্রী রাতেই তালা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকা থেকে অভিযুক্ত দুজনকে আটক করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, এ ঘটনায় মামলা দায়ের করে সোমবার (১৬ নভেম্বর) সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার