
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে গতকাল শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষ দ্রুত সময়ের মধ্যে সভা আয়োজনের দাবি জানায়।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়, যা পরের মাস থেকে কার্যকর হয়। তখন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। সেই মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।