
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তাঁর উপস্থিতিতে রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
রিমান্ড আবেদনে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পলাতক আসামিদের অবস্থান ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, আশ্রয়দাতাদের পরিচয় এবং তাঁদের বর্তমান আস্তানা ও সভা-আলোচনার স্থান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে কিশোর আবদুল মোতালিব নিহত হয়। এ ঘটনায় ২৬ আগস্ট তাঁর বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।