
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে দলকে। তবে সেই আক্ষেপের মধ্যেও দেশের হয়ে খেলতে পেরে গর্বিত সৈয়দ কাজেম শাহ। সতীর্থদের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করাকেই বড় অর্জন মনে করছেন এই ফুটবলার। তিনি সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহর বড় ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাজেম শাহ লিখেছেন, ‘বাংলাদেশ দলের জার্সি পরা সবসময়ই আমার স্বপ্ন ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা ট্রফি জিততে পারিনি, তবে আমার ভাইদের সঙ্গে দেশের পতাকা প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’ ভবিষ্যতে সমর্থকদের আরও আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
কাজেম শাহ বলেন, ‘ভবিষ্যতে আমরা আপনাদের আনন্দের নতুন উপলক্ষ এবং আমাদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই। তবে সেটা অর্জন করতে হলে আমাদের সবাইকে নিজেদের মান আরও বাড়াতে হবে। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।’ সবশেষে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ।’