
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিজিবি জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ায় ২০ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইলে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।