
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বিতাড়নের দাবি তুলেছেন অভিবাসনবিরোধী নেতারা। প্রতিক্রিয়া জানানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ।
স্থানীয় সময় সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ সংঘর্ষ ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির দৃশ্য দেখা যায়। রুপার্ট লো ও নাইজেল ফারাজ ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক বিরোধের সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই। তাঁদের বক্তব্যে সহিংসতায় জড়িত বিদেশি নাগরিকদের বহিষ্কারের দাবিও উঠে আসে।
এদিকে ইলফোর্ড সাউথের সংসদ সদস্য জাস আথওয়াল ঘটনাটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেল জানিয়েছেন, ঘটনাটি তাঁর নির্বাচনি এলাকায় নয়, চ্যাডওয়েল হিথে ঘটেছে। সংসদ সদস্য কেটি ল্যামও সংঘর্ষের নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশ সরকার সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাজ্য কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।