
বরিশালের বাকেরগঞ্জে এসডিএফের পরিত্যক্ত ভবনগুলো মাদক সেবনকারী ও বিক্রেতাদের আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এসডিএফের উদ্যোগে জমি কিনে ভবন নির্মাণ করে সমিতি ঘর বসানো হয়েছিল। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেই এমন ভবন রয়েছে। কিছুদিন কার্যক্রম চলার পর তা বন্ধ হয়ে যায় এবং ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সবচেয়ে খারাপ অবস্থা ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে, বাগবাড়ি-সংলগ্ন রাস্তার পাশের সমিতি ঘরে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে সেখানে মাদক সেবনকারীদের আড্ডা ও মাদক বেচাকেনা শুরু হয়। রাত বাড়লে বহিরাগতদের আনাগোনাও বাড়ে। দিনে-রাতে এ কার্যক্রম চলায় সাধারণ মানুষ ওই সড়কে চলাচলে ভয় পান। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের মধ্যে আতঙ্ক বেশি।
এলাকাবাসীর দাবি, পরিত্যক্ত ঘরগুলো হয় সামাজিক কাজে ব্যবহার করা হোক, নয়তো ভেঙে ফেলা হোক। পাশাপাশি থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ওই স্থানগুলোতে নিয়মিত টহল জোরদার করে মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। মাদকমুক্ত নিরাপদ বাকেরগঞ্জ গড়তে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।