
সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাস চারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বাসগুলো সিলেট-তামাবিল সড়কে নিয়মিত চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।