
ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী লুৎফর রহমানের বিরুদ্ধে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারী কর্মীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী সিমু আক্তার অভিযোগ করেন, তিনি ২০১৯ সাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে লুৎফর রহমান তাঁর কাছ থেকে এ টাকা নেন।
সিমু আক্তারের অভিযোগ, সম্প্রতি লুৎফর রহমান মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর আপন ভাতিজাকে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করেছেন এবং পান্না নামে এক নারীকে তাঁর জায়গায় বসিয়েছেন। ফলে দীর্ঘদিন কর্মরত থাকার পরও তাঁকে আর কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, চাকরি হারিয়ে ও টাকা ফেরত না পেয়ে পরিবার নিয়ে চরম অসহায় অবস্থায় আছেন। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাজের সুযোগ চাইলেও তাঁকে যোগ দিতে দেওয়া হচ্ছে না।
সাংবাদিক সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, চাকরি ফিরে পাওয়া এবং নেওয়া টাকা ফেরতের দাবি জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তবে অভিযুক্ত অফিস সহকারী লুৎফর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।