
মাদারীপুর সদর উপজেলায় স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত বেগম বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। নিহত বেগম বিবি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় তাঁকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। তিনি বাধা দিলে পাশে থাকা মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ছিনতাইকারীরা তাঁর কান ও নাক কেটে স্বর্ণের কানের দুল ও নাকফুল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ঢাকায় নেওয়ার মাঝপথেই তাঁর মৃত্যু হয়।