
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকবান্ধব আইন প্রণয়ন, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। তাঁরা আরও বলেন, শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ হলেও তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সাবেক প্রচার সম্পাদক আইয়ুব হোসেন ও ফরিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ থেকে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।