
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবৈধ বালুর পয়েন্টের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত অভিযানে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতটি পৃথক পয়েন্ট থেকে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। লামায় যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এটি প্রথম অভিযান। এ সময় লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু মজুত করে রাখা হয়েছিল। একসঙ্গে এত বিপুল পরিমাণ বালু জব্দের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ইউএনও সোমাইয়া আক্তার জানান, পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে এবং অবৈধ বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান অবৈধ বালু উত্তোলন ও মজুত বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। সচেতন মহল মাতামুহুরী নদীসহ উপজেলার নদী-খাল ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ অভিযানকে লামার প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।