
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়া এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন জরুরি বলে মন্তব্য করেছেন খুলনার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘মানব পাচার, অভিবাসী চোরাচালান ও সাইবার স্ক্যাম প্রতিরোধ’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত ‘কমব্যাটিং হিউম্যান ট্রাফিকিং, পিপল স্মাগলিং অ্যান্ড সাইবার স্ক্যামস: ৪পি ফ্রেমওয়ার্ক’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউএনও সুচি রানী সাহা যুবসমাজকে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি দেশে দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে যুবসমাজকে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ওসি সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফ হোসেন ও সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজ শাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের (এমআরএসসি) সমন্বয়ক অশোক বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর সামসুজ্জামান মোল্লা। আলোচনায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। বক্তারা মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান।