
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সচেতনতার বার্তা নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী কাজী শুভ। ‘সে আমার সন্তান’ শিরোনামের গানটি আগামী ১ ডিসেম্বর তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে (৩ ডিসেম্বর) সামনে রেখে গানটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
গানটির কথা লিখেছেন জাকিউল হাই দিপু। সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। শিল্পী জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা সবার দায়িত্ব। গানটির মাধ্যমে শ্রোতাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর সম্প্রতি ‘কেউ বুঝলো না’ শিরোনামে নতুন একক অ্যালবাম প্রকাশ করেছেন কাজী শুভ। নয়টি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সোনা বউ’, ‘মন পাঁজরে’ ও ‘ভুলিয়া না যাইয়ো’।