
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও গায়ক জিৎ গাঙ্গুলির মা মীনা গাঙ্গুলি মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মায়ের মৃত্যুর খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জিৎ গাঙ্গুলি।
শুক্রবার বিকেলে দেওয়া শোকবার্তায় তিনি লেখেন, ‘আমার মা, শ্রীমতী মীনা গাঙ্গুলি, শুক্রবার সকাল ৯টায় পরলোকগমন করেছেন। আজ আমার পৃথিবী শূন্য হয়ে গেল। এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই তাঁর জন্য প্রার্থনা করবেন।’ মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।
দীর্ঘদিন ধরে কাজের সূত্রে মুম্বাইয়ে বসবাস করছেন জিৎ গাঙ্গুলি। মায়ের শেষকৃত্যে অংশ নিতে স্ত্রী চন্দ্রাণী গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে দ্রুত কলকাতায় ফিরেছেন তিনি। মায়ের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।