
ইতালির ভেনিসে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় ভেনিসের একটি পুলিশ কার্যালয়ে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত হিসেবে আলোচনায় আসা ওই তিন ব্যক্তি হলেন ইলিয়াস হোসেন, মুহাম্মদ বিপুল ও মনির হাওলাদার। এ সময় একজন বাংলাদেশি দোভাষীও উপস্থিত ছিলেন।
গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে মেস্ত্রে এলাকায় স্বজনদের সঙ্গে থাকা বাঁধন শারীরিক হেনস্তা ও হামলার শিকার হন বলে অভিযোগ করেন। ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান তিনি। পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। সেই তদন্তের অংশ হিসেবেই তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্ত চলমান থাকায় এবং ইতালির আইনি বিধিনিষেধের কারণে পুলিশ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে একটি গণমাধ্যমের পাওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় ওই তিন ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ফোনগুলো কী কারণে নেওয়া হয়েছে কিংবা আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।