
মো. মামুন মোল্লা, খুলনা।।
খুলনা–৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আজগর লবি বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী যতই শক্তিশালী হোক, তা বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ নয়। বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। দলের মধ্যে সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়েছে। তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আমাদের ৩৭ শতাংশ ভোট রয়েছে, আর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ভোট ১৭ শতাংশের বেশি নয়।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে খুলনা–৫ আসনের উন্নয়ন আমার অগ্রাধিকার হবে। এ এলাকার বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। শিরোমনি বিসিক শিল্পনগরীকে আধুনিক শিল্পাঞ্চলে রূপান্তর করা হবে।” জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট দিন।”
খুলনা–৫ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খানজাহান আলী থানার গিলাতলায় সাংবাদিক ইউনিটির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় আলী আজগর লবি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমান, গিলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আব্দুস সালাম, জেলা যুবদল সভাপতি এবাদুল হক রুবায়েত, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এস এ রহমান বাবুল, বিএনপি নেতা শেখ আনোয়ার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুবদল নেতা জুয়েল হাসান, ছাত্রদল নেতা সাইফুল্লাহ তাজিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।