July 31, 2026, 10:12 pm

জুলাই সনদ অনুযায়ী আইন সংস্কার হবে: আইনমন্ত্রী

সুরুজ বাঙালি স্টাফ রিপোর্টার ঝিনাইদাহ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যেসব আইনে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলোও ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর মধ্যে অধিকাংশ সংস্কার গ্রহণ করা হয়েছে এবং অবশিষ্ট বিষয়ে কাজ চলমান রয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতের মুখোমুখি হতে হবে। সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।
এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে মাসব্যাপী বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার