
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন মালাইকা চৌধুরী বড় বোনের পথ অনুসরণ করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন বিনোদন অঙ্গনে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মালাইকা ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত সরব এই অভিনেত্রী। নিজের কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
তবে এবার এমন এক অভিজ্ঞতার ভিডিও প্রকাশ করেছেন মালাইকা, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। শুটিংয়ের ফাঁকে খালি হাতে একটি জীবন্ত সাপ ধরে থাকতে দেখা গেছে তাকে। শুক্রবার দুপুরে মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত নাটক ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলম পরিচালিত নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব। এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল।
নাটকটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে সেই শুটিংয়ের ভিডিওটি শেয়ার করেন মালাইকা। ভিডিও দেখে বোঝা যায়, ‘আমার রাজ্যে তুমি’ নাটকের শুটিংয়ের সময়ই ঘটেছিল ঘটনাটি। আউটডোরে বিশাল একটি গাছের নিচে শুটিং চলছিল। সেখানেই খালি হাতে একটি বড় আকারের জীবন্ত সাপ তুলে নেন মালাইকা। সাপটি হাতে নিয়ে বেশ স্বাভাবিকভাবেই হাসছিলেন তিনি। পরে সেটি ছেড়েও দেন।
ভিডিওটির সঙ্গে নিজের অভিজ্ঞতা জানিয়ে মালাইকা লিখেছেন, জীবনে প্রথমবারের মতো সাপ ধরেছেন তিনি। তবে মুহূর্তটি যতটা সাহসী মনে হয়েছে, বাস্তবে পরিস্থিতি একেবারে সহজ ছিল না। শুটিং সেটে সাপ ধরার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা জানান, পরিচালক মাসরিকুল তাকে সাপটি ধরতে বলেছিলেন। তিনিও আত্মবিশ্বাসের সঙ্গে তা পারার কথা জানিয়েছিলেন।
কিন্তু সামনে সাপটিকে দেখার পর কিছুটা দ্বিধায় পড়ে যান অভিনেত্রী। তখন তার মনে হচ্ছিল, আদৌ সাপটি ধরতে পারবেন কি না। শেষ পর্যন্ত সাহস করে সাপটি হাতে তুলে নেন। শুরুতে খুব একটা ভয়ও লাগছিল না তার। কিন্তু হঠাৎ সাপটি যখন তার দিকে ওপরে উঠে আসতে শুরু করে, তখন আর নিজেকে সামলাতে পারেননি মালাইকা। ভয়ে চিৎকার করে ওঠেন তিনি।
অন্যদিকে ‘আমার রাজ্যে তুমি’ মুক্তির পর অভিনয় দিয়েও দর্শকদের প্রশংসা পাচ্ছেন মালাইকা। নতুন কাজ নিয়ে দর্শকদের আগ্রহ এবং ভালোবাসায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী। নিজের কোনো কাজ প্রকাশের পর দর্শকদের মন্তব্য দেখার জন্য তিনি আগ্রহ নিয়ে অপেক্ষা করেন বলেও জানিয়েছেন।
মালাইকার ভাষ্য, ভক্তরা তার নতুন কাজ নিয়ে কৌতূহলী থাকেন এবং নাটকটি কখন আসবে, কখন মুক্তি পাবে, তা জানতে চান। দর্শকদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসাকে নিজের জন্য বড় অর্জন হিসেবেই দেখছেন তিনি। ভবিষ্যতেও একইভাবে দর্শকদের ভালোবাসা ধরে রাখার চেষ্টা করবেন বলে জানান এই অভিনেত্রী।
‘আমার রাজ্যে তুমি’ নাটকে মালাইকার চরিত্রের নাম সাদিয়া জাহান বৃষ্টি। এর আগে চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, এটি গতানুগতিক প্রেমের গল্প নয়। গল্পে আবেগ ও গভীরতার পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে, যা একে অন্যসব রোমান্টিক গল্প থেকে আলাদা করে তুলেছে। দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে সহজেই নিজেদের মিল খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন মালাইকা