August 16, 2026, 12:52 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ ডেটিং অ্যাপে হৃতিক, তবে কি সাবার সঙ্গে সম্পর্কে ফাটল?

গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু

মোঃ ইসমাইল হোসেন

কিংবদন্তি কণ্ঠশিল্পী, গিটারিস্ট, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মবার্ষিকী আজ। জীবদ্দশায় জন্মদিনে ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হলেও আট বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান এই শিল্পী। তবে সময় পেরিয়ে গেলেও তার গান, গিটার আর সৃষ্টির প্রতি মানুষের ভালোবাসা এতটুকু কমেনি।

জন্মদিন উপলক্ষে এবারও দেশ-বিদেশে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে বাংলাদেশের রকসংগীতের এই কিংবদন্তিকে। নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গান, ভোরের ডাকের স্মৃতিচারণে ১৬ আগস্ট হয়ে উঠেছে আইয়ুব বাচ্চুকে ঘিরে বিশেষ একটি দিন।

এবারের অন্যতম বড় আয়োজন ‘উত্তরাধিকার’ নামে বিশেষ একটি অ্যালবাম। এতে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন দেশের আটটি ব্যান্ড ও ১২ জন শিল্পী। দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুলসহ একাধিক শিল্পী এতে অংশ নিয়েছেন।

ডাবল সিডির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশিত হচ্ছে অ্যালবামটি। এই উদ্যোগের বিশেষ দিক হলো, অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।

আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন ধরেই মিউজিয়াম তৈরির পরিকল্পনা করছে তার পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেখানে শিল্পীর ব্যবহৃত প্রায় ৫০টি গিটার, পোশাক, ক্যাপ, টি-শার্টসহ বিভিন্ন স্মারক রাখার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে মগবাজারের বাসায় তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে যত্নে রাখা হচ্ছে তার গিটারগুলো। এর মধ্যে ফেন্ডার স্ট্রাটোকাস্টার ও আইভানেজ জেম ৭৭-এর মতো স্মৃতিবিজড়িত গিটারগুলো ভবিষ্যৎ মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হতে পারে।

শুধু ঢাকায় নয়, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে রাজশাহীতেও আয়োজন করা হয়েছে বিশেষ ট্রিবিউট কনসার্ট। গত শুক্রবার শ্রীরামপুর টিবাঁধ-সংলগ্ন পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘এবি ফরএভার-২০২৬’। ব্যান্ড ভ্যারিয়েন্টের আয়োজনে কনসার্টে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে দেশের বাইরেও আইয়ুব বাচ্চুর জন্মদিন ঘিরে তৈরি হয়েছে সংগীতপ্রেমীদের আবেগ। ইতালির রোমে আজ দীর্ঘ ১২ বছর পর মঞ্চে ফিরছেন নগরবাউল জেমস। দেশি ইভেন্ট এবিযেনের আয়োজনে এই কনসার্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

কনসার্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে জেমস গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন তার সমসাময়িক কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের বাংলা সংস্কৃতি ও সংগীতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

নতুন প্রজন্মের কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান, তার স্মরণে ট্রিবিউট কনসার্ট এবং একই দিনে জেমসের মঞ্চে প্রত্যাবর্তন, সব মিলিয়ে ১৬ আগস্ট হয়ে উঠেছে বাংলাদেশের রকসংগীতের দুই কিংবদন্তিকে ঘিরে আবেগের এক দিন।

আইয়ুব বাচ্চু নেই, কিন্তু রয়ে গেছে তার অসংখ্য গান, গিটারের জাদুকরি সুর আর কোটি শ্রোতার ভালোবাসা। সময়ের সঙ্গে হয়তো শিল্পী চলে গেছেন, কিন্তু তার সংগীত আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে।



ফেসবুক কর্নার