October 5, 2026, 12:19 pm

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

ঢাকায় পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও অনলাইনে বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ গত ১১ আগস্ট রাতে রাজধানীর ভাটারা থানার একটি বাসা থেকে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকার ‘ঢাকা পপুলার ট্রাভেলস’ অফিস থেকে তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমাইয়া তার অনলাইন কনটেন্ট কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক সহযোগীর তথ্য দেন। একই দিনে বাড্ডা লিংক রোড এলাকা থেকে ওই সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। ডিবির দাবি, জব্দ করা ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ কনটেন্টের বিজ্ঞাপন, বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় রমনা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত ও পলাতক সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। তবে অভিযোগগুলো তদন্তাধীন এবং আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে বিষয়টির চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে।



ফেসবুক কর্নার