
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউড অভিনেতা জায়েদ খান এবার নতুন রূপে হাজির হয়েছেন। অভিনয়, নাচ কিংবা বিভিন্ন মঞ্চ পরিবেশনার মাধ্যমে আলোচনায় থাকা এই অভিনেতা এবার বড় পরিসরের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। ‘শিকারি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার লুডু মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
মিউজিক ভিডিওটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল, রুশ মডেল এবং হলিউড সিনেমার আদলে বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থাকার সময় হলিউড ঘরানার কাজে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, এই মিউজিক ভিডিওর মাধ্যমে তা পূরণ হয়েছে। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকর্ষণীয় স্থানে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাণশৈলী ও আয়োজন নিয়ে আশাবাদী জায়েদ খান মনে করেন, দর্শক প্রচলিত বিনোদনের চেয়ে ভিন্ন মাত্রার আয়োজন দেখতে পাবেন।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে গানটির দৃশ্যধারণ শেষ হয়। এতে জায়েদ খানের সঙ্গে বাংলাদেশ ও বিদেশের মোট সাতজন মডেল অংশ নিয়েছেন। বাংলাদেশের ইয়াসমিনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন। ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর এবং কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। জায়েদ খান আশা প্রকাশ করেছেন, দেশ-বিদেশের দর্শকদের কাছে গানটি উপভোগ্য হবে।