
নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই শিল্পী প্রতিবছর জন্মদিনে ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হলেও এবার তার জন্মদিন কাটছে কিছুটা বিষাদময় পরিবেশে। ছোট ভাই ও সাংবাদিক এনাম সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় পরিবারের সবাই উদ্বেগের মধ্যে রয়েছেন।
বেবী নাজনীন জানান, তিনি সাধারণত ঘটা করে জন্মদিন উদ্যাপন করেন না। ভাইয়ের অসুস্থতার এই সময়ে জন্মদিন নিয়ে আলাদা কোনো আয়োজনের কথাও ভাবছেন না। বরং জন্মদিনে ভক্ত, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি তার ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
চার দশকের বেশি সময়ের সংগীতজীবনে বেবী নাজনীন টেলিভিশন, চলচ্চিত্র, বেতার এবং দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। তার কণ্ঠের বহু জনপ্রিয় গান এখনো শ্রোতাদের মাঝে সমানভাবে সমাদৃত।
এদিকে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) সভাপতি।