
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে করপোরেট জগতে তাঁর প্রবেশ নিয়ে কেউ কেউ ইতিবাচক মন্তব্য করলেও অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ পরিস্থিতিতে তমা মির্জার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নারীর পেশাগত স্বাধীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভাবনার মন্তব্য, তমার জায়গায় কোনো পুরুষ অভিনেতা একই পদে যোগ দিলে তাকে নিয়ে সহকর্মীদের প্রশংসা ও ইতিবাচক মনোভাব দেখা যেত।
ভাবনা আরও বলেন, নারীরা শুধু অভিনয় নয়, ব্যবসা, চাকরি, ছবি আঁকা, গান, লেখালেখিসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। তাঁর মতে, নারীর সাফল্যকে কোনো পুরুষের সহযোগিতা বা পরিচয়ের সঙ্গে যুক্ত করে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। তমা মির্জার চাকরিতে যোগ দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে চলমান বিতর্কে ভাবনার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।