August 23, 2026, 9:23 pm
শিরোনাম :

কারামুক্তির পর জাহের আলভীর রহস্যময় ফেসবুক পোস্ট

অভয়নগর প্রতিবেদক

ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর অভিনীত নাটক নিয়মিতই দর্শকদের মধ্যে সাড়া ফেলে। স্ত্রী আফরা ইবনাত ইকরা ও সন্তান রিজিককে নিয়ে চলছিল তাঁর সংসার। তবে গত ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার মরদেহ উদ্ধারের পর বদলে যায় অভিনেতার জীবনের পরিস্থিতি।

ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জাহের আলভীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর আইনি জটিলতায় পড়েন তিনি এবং একপর্যায়ে তাঁকে কারাগারেও যেতে হয়। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই অভিনেতা। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন তিনি। এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাত্র দুটি শব্দ লিখে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, ‘বেছে বেছে’। সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। এরপর জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে আরও একটি ভাবনামূলক পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে কারাগারে দুটি বিষয়কে দুর্লভ এবং চিন্তাকে সহজলভ্য হিসেবে উল্লেখ করেন। পোস্টের শেষে ‘মধ্যরাতের কবি’ নামে স্বাক্ষর করেন জাহের আলভী। অভিনেতার এই লেখায় কারাগারের ভেতরের জীবনের একটি ভিন্ন অভিজ্ঞতার ইঙ্গিত পাওয়া যায়। তবে ঠিক কোন অভিজ্ঞতা বা অনুভূতি থেকে এমন কথা লিখেছেন, তা ব্যাখ্যা করেননি তিনি।

এর আগে ‘বেছে বেছে’ লিখে পোস্ট দেওয়ার পর এবার জেলজীবন নিয়ে এমন ভাবনামূলক স্ট্যাটাস দেওয়ায় তাঁর অনুসারীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে এসব পোস্টের অন্তর্নিহিত অর্থ জানার চেষ্টা করছেন। পাশাপাশি সন্তান রিজিককে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে জাহের আলভীকে। সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। সব মিলিয়ে কারামুক্তির পর জাহের আলভীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোই এখন অনুসারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে তাঁর রহস্যময় বার্তাগুলোর প্রকৃত অর্থ কী, সে বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি অভিনেতা।



ফেসবুক কর্নার