
প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও মার্কিন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সম্পর্কে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে দুজনই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। তবে বিচ্ছেদটি পারস্পরিক সম্মতিতেই হয়েছে এবং এ নিয়ে তাদের মধ্যে কোনো তিক্ততা নেই বলে দাবি করা হয়েছে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে শিল্পপতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচয় হয় বলে জানা যায়।
অনন্যা ও ওয়াকার কখনো প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও পরস্পরের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেছেন। ওয়াকারের জন্মদিনের শুভেচ্ছাবার্তা এবং অনন্যার প্রতি তার প্রকাশ্য স্নেহের অভিব্যক্তি নিয়ে তখন তাদের সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। এর আগে অনন্যার সঙ্গে অভিনেতা আদিত্য রায় কাপুরের সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। একসঙ্গে বিদেশে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল তাদের। ২০২৪ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে অল্প সময়ের মধ্যেই বলিউডে পরিচিত মুখ হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। ওয়াকারের সঙ্গে সম্পর্কের বিষয়েও দুজনই বরাবর নীরব ছিলেন। এদিকে অনন্যার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চাঁদ মেরা দিল’। বিবেক সোনি পরিচালিত সিনেমাটি চলতি বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নতুন এই বিচ্ছেদের খবর নিয়ে অনন্যা বা ওয়াকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।