August 27, 2026, 5:43 am

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, আহত ৯৩

অভয়নগর প্রতিবেদক

নেপাল-চীন সীমান্তের ভোতে কোশি ও ত্রিশূলী নদীর অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৩ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত বাগমতী প্রদেশ পুলিশের হেটৌডা কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব তথ্য জানানো হয়েছে। আকস্মিক বন্যায় নদীসংলগ্ন বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রাসুয়া সীমান্তবর্তী এলাকা থেকে নেমে আসা পানির প্রবল স্রোত ভাটির দিকে ছড়িয়ে পড়ায় রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতওয়ানসহ একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রাণহানির পাশাপাশি নদীর তীর ও দুর্গত এলাকায় বহু মানুষ আটকা পড়েন। উদ্ধারকারী দল এ পর্যন্ত ৯৩ জনকে উদ্ধার করেছে। তবে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল দুর্গত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে তল্লাশি, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। বাগমতী প্রদেশজুড়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানেও অভিযান চালিয়ে যাচ্ছে।



ফেসবুক কর্নার