August 27, 2026, 5:43 am

পৃথিবীতে নিজের বলে কিছু নেই : তাসনিয়া ফারিণ

অভয়নগর প্রতিবেদক

অভিনয়ের ব্যস্ততার ফাঁকে ভ্রমণ করতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির সৌন্দর্য—সবকিছুই নিজের মতো করে উপভোগ করেন তিনি। এবার ইউরোপের অন্যতম আকর্ষণীয় শহর ফ্রান্সের প্যারিসে ভ্রমণের সময় তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে কালো পোশাকে হাসিমুখে দেখা যায় তাকে। উনিশ শতকের ঐতিহাসিক স্থাপনাটির পটভূমিতে তোলা ছবিটি ভক্তদের নজর কাড়লেও সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তার ক্যাপশন।

ভ্রমণের মুহূর্তে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন ফারিণ। তিনি লিখেছেন, পৃথিবীতে মানুষের নিজের বলে আসলে কিছুই নেই—মানুষ, সম্পত্তি কিংবা কোনো মুহূর্তও নয়। ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা ও প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য মানুষের জীবনে আসে এবং একপর্যায়ে সেগুলো ছেড়ে যেতে হয়। তার এই ভাবনায় জীবনের অনিত্যতা ও সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তিত হওয়ার বাস্তবতা ফুটে উঠেছে। প্যারিসের মতো নান্দনিক এক শহরে দাঁড়িয়ে এমন দার্শনিক উপলব্ধি প্রকাশ করায় ছবিটির সঙ্গে তার বক্তব্যও আলাদা মাত্রা পেয়েছে।

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করা তাসনিয়া ফারিণ বর্তমানে বড় পর্দাতেও কাজ করছেন। গত বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নতুন অভিজ্ঞতা অর্জন করেন তিনি। বাণিজ্যিক ঘরানার ওই সিনেমার পর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ফারিণ। অভিনয়ের পাশাপাশি ভ্রমণ ও জীবন নিয়ে তার বিভিন্ন ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের মধ্যেও আগ্রহ তৈরি করে।



ফেসবুক কর্নার