
বলিউড অভিনেত্রী সানি লিওন ও তাঁর স্বামীর বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত বহাল রেখেছেন মুম্বাইয়ের একটি সেশনস আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়নি। পুরো বিষয়টি মূলত একটি সাধারণ বাণিজ্যিক চুক্তির শর্তভঙ্গসংক্রান্ত বিরোধ বলে উল্লেখ করেছেন সেশনস বিচারক পি এ সানে। এ কারণে মামলাটি খারিজ করে নিম্ন আদালতের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
মামলার অভিযোগকারী ওমপ্রকাশ শ্রীনারায়ণ লাল জৈনের দাবি ছিল, একটি তেলেগু সিনেমায় সানি লিওনের অভিনয়ের জন্য চুক্তি সম্পাদনে তিনি মধ্যস্থতা করেছিলেন। সিনেমাটির জন্য নির্ধারিত মোট পারিশ্রমিক ছিল ১ কোটি ৭৫ লাখ রুপি। চুক্তি অনুযায়ী ওই অর্থের একটি অংশ কমিশন হিসেবে তাঁর পাওয়ার কথা ছিল বলে দাবি করেন তিনি। অভিযোগকারীর ভাষ্য, আংশিক অর্থ পাওয়ার পরও বকেয়া কমিশন পরিশোধ করা হয়নি। এ অভিযোগে তিনি মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা করেন। তবে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করলে তিনি সেশনস আদালতে রিভিশন আবেদন করেন।
রিভিশন আবেদনের শুনানিতে কর ইনভয়েসসহ মামলার বিভিন্ন নথি পর্যালোচনা করেন সেশনস আদালত। বিচারক বলেন, নথিপত্র পর্যালোচনায় বিষয়টি মূলত একটি ব্যবসায়িক লেনদেন ও চুক্তির শর্ত নিয়ে বিরোধ হিসেবে প্রতীয়মান হয়েছে। অভিযোগে প্রতারণা কিংবা অপরাধমূলক হুমকির মতো ফৌজদারি অপরাধের প্রয়োজনীয় উপাদান পাওয়া যায়নি বলেও আদালত উল্লেখ করেন। নিম্ন আদালতের রায়ে কোনো আইনগত ত্রুটি না থাকায় সানি লিওন ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলাটি খারিজের সিদ্ধান্ত বহাল রেখে রিভিশন আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেন আদালত।