
দেশের চলচ্চিত্রের পরিচিত দুই মুখ জায়েদ খান ও অধরা খান এবার কানাডার মাটিতে একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন। বর্তমানে দুজনই দেশের বাইরে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন। অন্যদিকে অধরা খান কানাডায় হলিউডসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার কানাডায় নির্মিতব্য একটি বাংলাদেশি সিনেমায় একসঙ্গে অভিনয়ের খবর প্রকাশ্যে আসায় দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে। তবে সিনেমাটির নাম, পরিচালক ও অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
জায়েদ খান দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে সম্পৃক্ত হয়েছেন। অন্যদিকে ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও শোবিজের বিভিন্ন কাজের পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হয়েছেন। ২০২৬ সালের শুরুতে ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হওয়ার খবরও জানিয়েছিলেন তিনি। কানাডায় অবস্থানের পাশাপাশি কাজের প্রয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে যাতায়াত করছেন এই অভিনেত্রী। ফলে আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশীয় সিনেমায়ও তাঁর সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।
২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ‘সুলতানপুর’ পরবর্তী সময়ে হিন্দি ভাষাতেও মুক্তি পায়। বর্তমানে তাঁর অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইউরোপে শুটিং হতে যাওয়া নতুন একটি সিনেমায় কাজের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতার পর কানাডার মাটিতে একই সিনেমায় জায়েদ খান ও অধরা খানের জুটি দর্শকদের জন্য নতুন সংযোজন হতে যাচ্ছে। দুজনই একসঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত করলেও সিনেমাটির বিস্তারিত তথ্য প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার পর জানানো হবে।